বগুড়ার নবগঠিত দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে ইউনিয়ন দুটির নামকরণ করা হয়েছে’—এমন অভিযোগ ও বিতর্কের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মৌখিকভাবে নাম পরিবর্তনের উদ্যোগ নিতে বলেছেন। তবে এ বিষয়ে এখনো জেলা প্রশাসনের কাছে কোনো লিখিত নির্দেশনা পৌঁছায়নি।
জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তনের জন্য বলেছেন। লিখিত চিঠি পরে আসতে পারে। তবে মৌখিক নির্দেশনা পেয়েছি, তাই আমরা প্রক্রিয়া শুরু করব।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানির আয়োজন করা হবে। গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করা হতে পারে।
তৌফিকুর রহমান বলেন, ইউএনও আবার গণশুনানি করবেন। যেসব ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয় রয়েছে, সেখানে নতুন তারিখ নির্ধারণ করা হবে। ওই দিন স্থানীয় জনগণ উপস্থিত থাকবেন। গণশুনানির মাধ্যমে যে নাম প্রস্তাবিত হবে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।
এর আগে, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় মীরবাড়ী।
