মালদ্বীপে প্রবাসী কল্যাণে গণশুনানি: সমস্যা-সমাধানে সক্রিয় বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা এবং কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ষান্মাসিক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসীদের নানা অভিযোগ, মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শুনে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

রোববার (২১ জুন) বাংলাদেশ হাইকমিশনের হলরুমে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের কার্যক্রম মূল্যায়ন উপলক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনস্যুলার সহকারী মো. ইবাদ উল্লাহ।

আলোচনায় বৈধ অভিবাসন, কর্মসংস্থান বৃদ্ধি, শ্রমিকদের অধিকার সুরক্ষা, প্রবাসী কল্যাণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা গুরুত্বের সঙ্গে উঠে আসে। অংশগ্রহণকারী প্রবাসীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থ ও কল্যাণ নিশ্চিত করতে সরকার এবং হাইকমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি প্রবাসীদের উত্থাপিত বিষয়গুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের গণশুনানি প্রবাসীদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ আরও জোরদার করবে এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি তারা ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান।