চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের দূরদর্শী রূপকার। সংকটময় মুহূর্তে তার ঐতিহাসিক ঘোষণা ও নেতৃত্ব দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। তার সততা, দেশপ্রেম ও জাতীয়তাবাদী দর্শন আজও আমাদের প্রেরণা জোগায়।
শুক্রবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সম্প্রতি নির্মম হত্যাকাণ্ডের শিকার রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
