পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জুয়েল রানা, মালদ্বীপ প্রতিনিধি:
পবিত্র মহরম মাসের ১০ তারিখ, পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে এক ধর্মীয় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে মদিনার জামাত মালদ্বীপ শাখা।
অনুষ্ঠানে পবিত্র আশুরার তাৎপর্য, ইসলামের ইতিহাসে এ দিনের গুরুত্ব, ত্যাগ, ধৈর্য, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকগণ বলেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। তারা বর্তমান প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মালদ্বীপে কর্মরত বহু সম্মানিত আলেম-ওলামা, মাওলানা, ইসলামপ্রেমী ব্যক্তিবর্গ, বিশিষ্ট রেমিট্যান্স যোদ্ধা, ব্যবসায়ী, সমাজসেবক এবং বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বাংলাদেশ ও মালদ্বীপের উন্নয়ন, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।