থুলুসধুতে প্রবাসীদের দোরগোড়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবা

মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপের দূরবর্তী দ্বীপ থুলুসধুতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছে সরাসরি কনস্যুলার সেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের কর্মসংস্থান, কল্যাণ ও অধিকার সুরক্ষায় মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের অংশ হিসেবে সম্প্রতি দ্বীপটি সফর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

সফরকালে স্থানীয় প্রশাসন ও থুলুসধু কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা, শৃঙ্খলা ও মালদ্বীপের অর্থনীতিতে তাদের ইতিবাচক অবদানের প্রশংসা করা হয়। পাশাপাশি প্রবাসীদের জন্য সেবার পরিধি বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একই সঙ্গে তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ কারণে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সফরের অন্যতম আকর্ষণ ছিল দুই দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম। এ সময় ই-পাসপোর্ট ও বিএমইটি স্মার্ট কার্ডের আবেদন গ্রহণ করা হয়। কর্মস্থল ছেড়ে রাজধানীতে না গিয়েই প্রয়োজনীয় সেবা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন থুলুসধুতে কর্মরত বাংলাদেশিরা।

প্রতিনিধি দল প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনে। সভায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ শ্রমসংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং সমস্যার দ্রুত সমাধানে হাইকমিশনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া প্রবাসীদের মধ্যে সামাজিক সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বাড়াতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ হাইকমিশন ও স্থানীয় কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করবে বলেও জানানো হয়।

হাইকমিশনার বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশির নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশন ভবিষ্যতেও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে।

প্রবাসীদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রবাসীবান্ধব কূটনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।