সাইকেলমুখী লন্ডন, ২০১৯-এর তুলনায় ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

 

ব্রিটেনের রাজধানী লন্ডনে সাম্প্রতিক বছরগুলোতে সাইকেল ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নতুন এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে শহরটিতে সাইকেল ব্যবহার প্রায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশবান্ধব যাতায়াত বাড়লেও ব্যক্তিগত গাড়ির ব্যবহার এখনো আশানুরূপভাবে কমেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে লন্ডনে গাড়িতে যাতায়াতের হার প্রায় ২০১৮ সালের সমপর্যায়ে রয়েছে। অর্থাৎ, সাইকেল ও গণপরিবহন ব্যবহারে অগ্রগতি হলেও ব্যক্তিগত গাড়ির ওপর নগরবাসীর নির্ভরতা এখনও যথেষ্ট পরিমাণে রয়ে গেছে।

টেকসই ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তুলতে লন্ডন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নানা পদক্ষেপ নিয়ে আসছে। যানজট কমাতে শহরের নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত ফি আরোপ করা হয়েছে। একই সঙ্গে ‘লো-ট্রাফিক জোন’ চালু করে অনেক স্থানে ব্যক্তিগত গাড়ির চলাচল সীমিত করা হয়েছে। মানুষকে হাঁটা, সাইকেল চালানো এবং গণপরিবহন ব্যবহারে উৎসাহ দিতে নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা ও উদ্যোগ।

বর্তমানে লন্ডনের মোট যাতায়াতের প্রায় এক-চতুর্থাংশই সম্পন্ন হয় হেঁটে। শহরের বিভিন্ন সড়কে সাইকেল আরোহীর উপস্থিতিও আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। এর পাশাপাশি হাজার হাজার বাস—যার বড় একটি অংশ বৈদ্যুতিক—এবং বিস্তৃত রেল নেটওয়ার্ক লন্ডনের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে আনতে লন্ডনের বর্তমান উদ্যোগ এখনও যথেষ্ট নয়। কারণ, সাইকেল ব্যবহারের হার বাড়লেও তা এখনো মোট যাতায়াতের মাত্র প্রায় ৫ শতাংশ। তুলনামূলকভাবে নেদারল্যান্ডসে প্রায় ২৭ শতাংশ যাতায়াত সাইকেলের মাধ্যমে সম্পন্ন হয়।

সূত্র: পেল্টিজেনডটকম