ফেনী প্রতিনিধি: কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি মনোনয়নের অভিযোগে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব মো. শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবদলের সঙ্গে সমন্বয় না করে ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি মনোনীত করার মাধ্যমে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
